ভূতের ছেলে
কবি কালীশঙ্কর দাস
চামদো ভূতের চারটে ছেলে
একটা থাকে বোম্বে;
ভাবছে খালি কেমন করে
ব্যাঙ্কে টাকা জমবে।
একটা ভারী মিচকে পাঁজি
চাকরি করে দিল্লী;
উল্টে ভাজা খায়নাকো মাছ
ঠিক যেন এক বিল্লী।
তিন নম্বর ভীষণ ডেঁপো
পড়তে গেছে চেন্নাই;
পড়ার ঘরে দেখতে পাবেন
বই খাতা আর পেন নাই।
সবার ছোট কোলকাতাতে
খুঁজতে গেছে কাজ;
অনেক খুঁজেও কাজ মেলেনি
ফিরছে বাড়ি আজ।।