পানসি
কবি কালীশঙ্কর দাস
(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
ঝির ঝির্ ঝির্ বৃষ্টি তখন
তির তির তির নদী;
একলা খুশি বেরিয়ে যেতেম
পানসি পেতেম যদি।
নদীর সঙ্গে সাগর যেতেম
মাখতে গায়ে ঢেউ;
এখান থেকে আমার খবর
রাখত না আর কেউ।
আছড়ে পড়া ঢেউরা যখন
ভাঙত সাগর-কূল;
ঠিক তখনই সাগরপারে
তুলতে যেতেম ফুল।
ফুলের গন্ধে যেই না বাতাস
বাঁধত নতুন সুর;
আমি তখন সাগর থেকে
অনেক অনেক দূর।
তেপান্তরের মাঠ পেরিয়ে
স্বপ্নপুরীর দেশ;
পৌছে পেতেম সত্যি আমি
সুখেরই সন্দেশ।।