Pages

Monday, July 13, 2015

'Bangla Bornomala' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'বাংলা বর্ণমালা' - কবি কালীশঙ্কর দাস

বাংলা বর্ণমালা

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

আজকে আকাশ লালে লাল কেন
বলা কি ভীষণ শক্ত;
আবীর তো নয় শহিদের খুনে
লালে লাল হয়ে রক্ত ।

আজকে বাতাস এত কেন ভারী
এত কেন অভিমানী;
ভুলতে পারিনি গুলি ও বারুদ
শাসকের শয়তানি ।

আজকে সাগরে গর্জন কেন
উথাল পাথাল ঢেউ;
মুখের ভাষাটি কেড়ে নিতে ওরা
এসেছিল বুঝি কেউ ।

আজকে মাটিতে মেঘ থেকে কেন
অঝোরে ঝরেছে বৃষ্টি;
কেঁদে কেঁদে কত শহিদের মা
হারাল চোখের দৃষ্টি ।

আজকে আকাশে চোখ মেলে আমি
দেখেছি খুশির বান;
খুশির বন্যা রেখে গেল যত
শহিদ সুসন্তান ।

আজকে বাতাসে সুর ভেসে আসে
পেতেছি বাতাসে কান;
মাথা উঁচু করে গর্বে গেয়েছি
মুক্তির জয়গান ।

আজকে সাগরে ঝিলমিল ঢেউ-
ঢেউ যেন খেলা করে;
আজকের দিনে সেই ঢেউ লাগে
বিশ্বের ঘরে ঘরে ।

আজকে মাটিতে সবুজ শ্যামলে
সেজেছে বরণডালা;
ফুলে ফুলে গাঁথা হয়ে গেছে আজ

বাংলা বর্ণমালা ।।