Pages

Tuesday, July 7, 2015

'Ma' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'মা' - কবি কালীশঙ্কর দাস

মা

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

মা তুমি মা ভাবছ কেন অত –
এই তো আমি পাশে;
তোমার খোকন তোমায় মাগো জেনো
সবচে ভালোবাসে ।

এই যে তুমি হাতটি আমার ধ’রে
ফুলের গন্ধ মাখো;
আদর স্নেহ ভালোবাসায় ঘিরে
আড়াল করে রাখো –


এমনি করে হচ্ছি বড় আমি
তোমার কোলের থেকে;
কেমন করে ভুলব সেসব কথা
তোমায় দূরে রেখে ।

হয়তো তুমি ভাবছো অনেক কথা
হাত বুলিয়ে আমার মাথার চুলে;
যখন খোকন অনেক হবে বড়
তখন যাবে ভুলে ।

আচ্ছা মাগো, তাই কখনো হয় –
মিথ্যে প্রমাদ গোণো;
তাহলে মা এক্ষণ-ই এই
আমার কথা শোনো ।

তোমার মুখে নামলে কালো মেঘ
বৃষ্টি আমার চোখে;
দুঃখে যখন হও তুমি মা কাতর
পাথর যে হই শোকে ।

যখন আমি অনেক বড় হব
রাখব তোমায় সুখে;
দেখবে তখন মেঘ সরেছে তোমার

ফুটছে হাসি মুখে ।।