Pages

Thursday, July 9, 2015

'Sei Chheleta' From 'Abrittir Charra O Kobita'[2012] By Kali Sankar Das | 'সেই ছেলেটা' - কবি কালীশঙ্কর দাস

সেই ছেলেটা

কবি কালীশঙ্কর দাস

(This poem was published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)

সেই ছেলেটার সঙ্গে সেদিন করছি আমি খেলা,
সময় বিকেল সন্ধ্যে তো নয় তখন রাতের বেলা ।
আকাশভরা তারার মাঝে থালার মতন চাঁদ,
মাটির বুকে জ্যোৎস্না যেন মস্ত মায়া-ফাঁদ ।

এমন সময় আমরা দু’জন নদীর কাছাকাছি,
কাপড় দিয়ে চোখ বেঁধেছি খেলছি কানামাছি ।
হঠাৎ জলের শব্দ শুনে একটুখানি থামি,
তক্ষুনি পা পিছলে জলে তলিয়ে গেলেম আমি ।
এমন সময় কে যেন তাঁর বাড়িয়ে দিলেন হাত,
হাত ধরতেই তাকিয়ে দেখি ফুরিয়ে গেছে রাত ।
ভোরের আলো ঢুকছে ঘরে সামনে ছবি চেনা,
বিশ্বকবির সেই ছবিটা কাল হয়েছে কেনা ।
কিন্তু একি! বিশ্বকবির মুখটা যেন সেই ছেলেটার মুখ,
চিনতে আমার এত্তটুকু হয়নিকো ভুলচুক ।
ছেলেবেলার রবীন্দ্রনাথ স্বপ্নে এসেছিলেন,
সামনে বিপদ দেখেই তিনি হাত বাড়িয়ে দিলেন ।
সে হাত ধরে স্বপ্নে আমি খুব পেয়েছি পার,
সেসব কথা আজও মনে পড়ছে বারংবার ।
ভোরবেলাতে এমনতর স্বপ্ন দেখার মানে,
কী যেন হয় সত্যি সেটা সবাই নাকি জানে ।
সবাই বলে ভোরের স্বপ্ন সত্যি নাকি হয়,
রবিঠাকুর থাকলে পাশে কিচ্ছুতে নাই ভয় ।।