পুঁচকে পুঁটি
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
পাঁচ বছরের পুঁচকে পুঁটির
পঁচিশখানা বই;
পা ছড়িয়ে পড়ছে পুঁটি
পাড়াতে হইচই ।
পড়ার পরে আঁকতে হবে
দশটা খাতায় ছবি;
আঁকার পরে কষতে হবে
অঙ্কগুলো সবই ।
ইংরাজিতে এ থেকে জেড্
লিখতে হবে আজই;
নইলে পরে শুনতে হবে
পুঁটি ভীষণ পাজি ।
লিখতে লিখতে পড়তে পড়তে
দুচোখ জুড়ে ঘুম;
ঢুলতে ঢুলতে হঠাৎ পুঁটির
পড়ল পিঠে দুম্ ।।