সেই কন্যের গল্প
কবি কালীশঙ্কর দাস
(This poem was
published in 'Abrittir Charra O Kobita'[2012]- written by Kali Sankar Das)
আঁকন বাঁকন নদীর বুকে
উথাল পাথাল ঢেউ;
সেইখানে এক কন্যে থাকে
খবর রাখো কেউ !
সেই কন্যে ভালই ছিল
গাইত নদীর গান;
হঠাৎ মেয়ের জীবন ভেঙে
হয়েছে খান্ খান্ ।
সেই গল্পই বলছি শোন
নেই গল্পের শেষ;
সেই গল্পে হারিয়ে গেছে
সব পেয়েছির দেশ ।
সেই কন্যের ইচ্ছে ছিল
ধরবে মুঠোয় চাঁদ;
চাঁদ ধরতে যেই গিয়েছে
হঠাৎ আর্তনাদ !
সেই কন্যে হারিয়ে গেছে
পাইনি আজো খোঁজ;
কন্যের মা আঁচল দিয়ে
দু-চোখ মোছে রোজ ।
হায় কন্যে হায় কন্যে
হারিয়ে গেছে সুখ;
আবার কবে দেখতে পাব
তোর সে হাসিমুখ ।।